যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আর্থিক কার্যক্রমের তদন্ত শুরু করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।
আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘লা নাসিওন’-এর এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভি।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এ ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের সম্ভাব্য অভিযোগের তদন্ত চলছে। সংস্থাটি কীভাবে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে অর্থ লেনদেন করেছে এবং এই পুরো প্রক্রিয়ায় কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা, তা বোঝার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর রেফারিং নিয়ে চলমান তীব্র বিতর্কের মাঝেই এ খবর প্রকাশ্যে এল।
প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডাভিত্তিক একটি কোম্পানি ‘যুরপ্রোডএন্টার এলএলসি’ বিদেশে এএফএ-এর আর্থিক দায়বদ্ধতাগুলো পরিচালনা করে এবং বর্তমানে তারাও তদন্তের আওতায় রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ‘গত কয়েক মাসে লা নাসিওনের সংগ্রহ ও বিশ্লেষণ করা এবং ২০২৫ সালের শেষের দিকে ও চলতি বছরের শুরুতে প্রকাশিত নথিপত্র অনুযায়ী, জিলেট এবং রিনিউয়াল ফ্রন্টের সাবেক বুয়েনস আইরেস বিধায়ক ফারোনি যুক্তরাষ্ট্রের পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে খোলা হিসাবের মাধ্যমে অন্তত কয়েকশ’ মিলিয়ন ডলার লেনদেন করেছেন। এ ব্যাংকগুলো হলো—সিটিব্যাংক, সিনোভ্যাস, ব্যাংক অব আমেরিকা, জেপি মরগান এবং পিএনসি ব্যাংক।
প্রতিবেদনে আরও বলা হয়, এ ব্যাংক হিসাবগুলোর মাধ্যমে ট্যুরপ্রোডএন্টার এলএলসি এএফএ থেকে অন্তত ২৬ কোটি (২৬০ মিলিয়ন) মার্কিন ডলার রাজস্ব পরিচালনা করেছে। যদিও লা নাসিওনের বিশ্লেষণ করা ব্যাংক রেকর্ড অনুযায়ী, এ তহবিলের একটি সামান্য অংশই সরাসরি তাপিয়ার নেতৃত্বাধীন সংস্থার শনাক্তযোগ্য পরিচালন ব্যয়ের সঙ্গে যুক্ত করা যায়। বাকি ৫ কোটি ৭০ লাখ (৫৭ মিলিয়ন) ডলার বিভিন্ন কোম্পানি ও সুবিধাভোগীদের মধ্যে বণ্টন করা হয়েছে, যার কোনো স্পষ্ট অর্থনৈতিক যৌক্তিকতা এ সংবাদমাধ্যমের পর্যালোচনা করা নথিপত্রে পাওয়া যায়নি। এসব লেনদেনের মধ্যে এমন কিছু কোম্পানির কাছে কয়েক কোটি ডলার ওয়্যার ট্রান্সফার করা হয়েছে, লা নাসিওনের বিশ্লেষিত নথিপত্র অনুযায়ী যারা কোনো সুনির্দিষ্ট পরিষেবা প্রদান করে না। সরকারি রেকর্ড অনুযায়ী, কোম্পানিগুলো এমন ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, যারা সমাজকল্যাণমূলক ভাতা গ্রহণ করতেন এবং বারিলোচে বা বুয়েনস আইরেসে বসবাস করতেন।
দুর্নীতি তদন্ত এবং ফুটবল ক্লাবগুলোর মালিকানা কাঠামো নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের সঙ্গে চলমান ক্ষমতার দ্বন্দ্বের কারণে এএফএ সভাপতি তাপিয়া আগে থেকেই সংবাদের শিরোনামে রয়েছেন। গত মার্চে তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগও আনা হয়েছিল।


